প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইনে পরিবর্তন: আইনমন্ত্রী
ডিজিটাল নিরাপত্তা আইনের টেকনিক্যাল নোট নিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে পুনরায় অংশীজন বৈঠক হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আলোচনার ভিত্তিতে প্রয়োজন হলে ডিজিটাল নিরাপত্তা আইনের বিধি সংযুক্ত করা বা পরিবর্তনের উদ্যোগ নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি।
রোববার (২ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন ধারণা দিয়েছেন মন্ত্রী। বলেছেন, সাংবাদিকদের যাতে অহেতুক হয়রানি করা না হয়, সে বিষয়ে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গত ১৪ মার্চ এ বিষয়ে সুধীজনদের সঙ্গে আলোচনাও হয়েছে। এ বিষয়ে ৩০ মার্চ আবারও বসার কথা ছিল, তবে তা স্থগিত করা হয়। সেই আলোচনায় সুধীজনরা ডিজিটাল নিরাপত্তা আইন, ডাটা প্রটেকশন আইন এবং এনজিও ভলেন্টারি নিয়েও একটা আইনের কথা বলেছেন। এসব নিয়েও আলোচনা হবে।
সেমিনারে ‘বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে আরবিট্রেশন আইনের প্রয়োজনীয় সংস্কার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে আইনের অপব্যবহার ও ত্রুটি সংশোধন নিয়েও বক্তব্য দেন মন্ত্রী।
তবে সেই আলোচনা ছাপিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়েই সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে আইন মন্ত্রীকে। সেসব প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশবিদেশে বা জাতিসংঘে এ নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু অপব্যবহার হয়েছিল, সেটা আমরা স্বীকার করে এ বিষয়ে কি পরিবর্তন আনা যায় সেটা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সঙ্গে আলোচনা করেছি। আলোচনা এখনো চলমান। সেখান থেকে একটা টেকনিক্যাল নোট এসেছে, আমরা সেটা নিয়ে আলোচনা-পর্যালোচনা করছি।







